কুমিল্লা প্রতিনিধি, এ.কে পলাশ:
কুমিল্লার মনোহরগঞ্জে একটি সরকারি শর্টগান, দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, নোয়াখালী থেকে মোটরসাইকেলে করে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে কুমিল্লার দিকে আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে ডিবির একটি দল। একপর্যায়ে একটি ডিসকভার মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
আটকের পর মোটরসাইকেল ও তার সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার এয়াকুব খান ওরফে বাবর নোয়াখালীর সেনবাগ থানার জয়নগর গ্রামের মো. তৈয়ব খানের ছেলে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, কুমিল্লা জেলাকে অস্ত্র, মাদক ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।