জাতিসংঘের সাধারণ অধিবেশনে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সমস্যা থাকলেও আলোচনার পথ খোলা রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন।
জ্বালানি খাতের প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির কারণে এ খাতে নানা সংকট তৈরি হয়েছে। সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। সংকট সমাধানে সরকারের আন্তরিকতার কথাও জানান তিনি।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় যেখানে প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে। পাশাপাশি প্রয়োজনে এয়ারবাসও কেনা হবে। তিনি দাবি করেন, কোনো চাপের কারণে নয়, বরং চাহিদার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়কার একটি সিন্ডিকেট শ্রমশক্তি রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলেছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রফতানি করা হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।