ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তাঁর চলচ্চিত্রজীবনের শুরুর দিকের পারিশ্রমিকের কথা জানিয়েছেন। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এ অভিনয়ের জন্য তিনি মোট তিন লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী হামিদের প্রশ্নের জবাবে নিজের প্রথম সিনেমার পারিশ্রমিকের বিষয়টি জানান পরীমণি।
অভিনেত্রী জানান, পারিশ্রমিকের মধ্যে আড়াই লাখ টাকা তিনি নগদ পেয়েছিলেন। বাকি ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল চেকের মাধ্যমে। সেই চেক তিনি নিজের পরিচালকের হাতে তুলে দিয়েছিলেন পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় কিছু কেনার অনুরোধ জানিয়ে।
২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। তবে এর আগেই ‘রানা প্লাজা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তি পায়নি।
‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় পরীমণির বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেন জায়েদ খান। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে পরিচিতি পান পরীমণি। পরবর্তী সময়ে দ্রুতই ঢালিউডের আলোচিত অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন তিনি।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘রক্ত’।