ভারতীয় র্যাপার বাদশাহর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে তিনি দাবি করেছেন, সম্পর্কের একটি পর্যায়ে নিজেকে প্রতারিত মনে হয়েছিল তার।
শিগগিরই ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে ঈশা রিখীকে দেখা যেতে পারে—এমন খবরের মধ্যেই বাদশাহর সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। চলতি বছরের মার্চ থেকে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। পরে ঈশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করলে সেই আলোচনা আরও জোরালো হয়।
ঈশা জানান, শুরু থেকেই তিনি সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের আলোচনা বা নাটকীয় পরিস্থিতি তৈরি করতে আগ্রহী ছিলেন না। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করার পর বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার তার কথা কাটাকাটি হয়। তবে পরে তিনি বুঝতে পারেন, ঘটে যাওয়া বিষয় আর পরিবর্তন করার সুযোগ নেই।
ওই সময় তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন বলেও জানান ঈশা। বিশেষ করে তার মা এক ধরনের বক্তব্য দেওয়ার বিপরীতে বাদশাহর বক্তব্য ভিন্ন হওয়ায় পুরো পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি।
ঈশা বলেন, ছবি প্রকাশের পর বাদশাহর সঙ্গে একাধিকবার তার কথা হয়েছিল। সে সময় বাদশাহ তাকে এমন একটি ছবি দেখিয়েছিলেন, যেটিকে ঈশা প্রকৃত ছবি নয় বলে দাবি করেন। বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দেয় এবং নিজের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
সাক্ষাৎকারে ঈশাকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি কি নিজেকে প্রতারিত মনে করেন? জবাবে অভিনেত্রী স্পষ্টভাবে বলেন, ‘হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’
তবে ঈশার এই বক্তব্য নিয়ে এখন পর্যন্ত বাদশাহর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ‘বিগ বস ২০’-এ ঈশার সম্ভাব্য অংশগ্রহণের খবর প্রকাশের পর তার ব্যক্তিগত জীবন নিয়েও আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: আনন্দবাজার অনলাইন