বিনোদন ডেস্ক:
সাবেক প্রেমিকা ও অভিনেত্রী হিমাংশি খুরানার সঙ্গে সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে মন্তব্য করায় ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভাব্যা সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেতা আসিম রিয়াজ। ‘বিগ বস ১৩’খ্যাত এই অভিনেতা ভাব্যাকে আনুষ্ঠানিকভাবে ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ নোটিশ পাঠিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, আসিমের আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে ভাব্যার বিরুদ্ধে একটি পডকাস্টে মিথ্যা, যাচাইহীন ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব বক্তব্যের কারণে আসিমের সামাজিক ভাবমূর্তি, সুনাম এবং পেশাগত ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
পডকাস্টে আসিম ও হিমাংশির সম্পর্কের অবসানের কারণ নিয়েও মন্তব্য করেছিলেন ভাব্যা। সেখানে তিনি দাবি করেন, এক ব্যক্তির কাছে বহু আগে এই বিচ্ছেদের কারণ জানতে চেয়েছিলেন তিনি। ওই ব্যক্তি নাকি তাকে বলেছিলেন, আসিম ‘পাগল’ এবং হিমাংশির ওপর শারীরিক নি**র্যাতন করতেন।
আইনি নোটিশে বলা হয়েছে, ভাব্যা পরবর্তী কিছু ঘটনার সঙ্গে ওই অভিযোগের যোগসূত্র থাকার কথাও উল্লেখ করেছেন। এমনকি আসিমকে নিয়ে একটি ভিডিও থাকার কথা শুনেছেন বলেও পডকাস্টে দাবি করেছিলেন তিনি।
এ ছাড়া আসিমের আর্থিক অবস্থা নিয়েও ভাব্যা মন্তব্য করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি দাবি করেন, আসিম দুবাইয়ে কোনো এক নারীর আর্থিক সহায়তার ওপর নির্ভর করে জীবনযাপন করছেন।
তবে ভাব্যার এসব বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন আসিম রিয়াজ। তার আইনজীবীর ভাষ্য, এসব মন্তব্যের মাধ্যমে আসিমকে সাবেক প্রেমিকার ওপর শারীরিক নি**র্যাতনকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা ভিত্তিহীন ও তার সুনামের জন্য ক্ষতিকর।
আসিমের আইনজীবী এবং ফ্যালকন লিগ্যালের অংশীদার সুহাইল শরিফ বলেন, তাদের মক্কেল তার বিরুদ্ধে মানহানিকর বা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার মতো কোনো বক্তব্য মেনে নেবেন না। এ কারণে ভাব্যা সিংকে আনুষ্ঠানিকভাবে ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের নির্দেশনা অমান্য করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
নোটিশে ভাব্যাকে আসিমের বিরুদ্ধে করা কথিত মানহানিকর বক্তব্য ভবিষ্যতে প্রকাশ, পুনরাবৃত্তি বা প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি যেসব গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ওই পডকাস্টের বিতর্কিত বক্তব্য প্রকাশ বা প্রচার হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নোটিশের নির্দেশনা পালন ও জবাব দেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে আদালতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন আসিমের আইনজীবীরা।
উল্লেখ্য, ‘বিগ বস ১৩’-এর সময় থেকেই হিমাংশি খুরানা ও আসিম রিয়াজের সম্পর্ক ব্যাপক আলোচনায় ছিল। পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ নিয়েও বিভিন্ন আলোচনা ও জল্পনা তৈরি হয়। এবার সেই সম্পর্কের প্রসঙ্গে ভাব্যা সিংয়ের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আইনি বিতর্কে জড়ালেন আসিম।
সূত্র: এনডিটিভি