নিজস্ব প্রতিবেদক
দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় কোনো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার শয্যা রয়েছে মাত্র ১ দশমিক ৭টি এবং সাধারণ হাসপাতালের শয্যা ৯টি। অধিকাংশ আইসিইউ রাজধানীকেন্দ্রিক হওয়ায় গ্রামীণ জনগোষ্ঠী প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ গ্রামে বাস করলেও মোট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ৮০ থেকে ৯০ শতাংশ ঢাকাকেন্দ্রিক। তিনি প্রতিটি জেলা সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ স্থাপন এবং জীবনরক্ষাকারী সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার ইতোমধ্যে ১০টি জেলায় নতুন আইসিইউ চালু করেছে এবং পর্যায়ক্রমে আরও ইউনিট স্থাপন করা হবে। একই সঙ্গে আইসিইউর কার্যকর ব্যবস্থাপনা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।