মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দুর্নীতি ও দুঃশাসনের প্রবণতা ছিল।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পরশুরামের ঘাটঘর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। কোনো প্রভাবশালী ব্যক্তি যাতে প্রকল্প বাস্তবায়নে প্রভাব বিস্তার বা অনিয়ম করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও জানান তিনি।
মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প প্রসঙ্গে এ্যানি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন, জলাবদ্ধতা, বাঁধ ভাঙন ও বন্যায় ক্ষয়ক্ষতি কমবে। আগামী মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে প্রকল্পটির কাজ উদ্বোধন করতে পারেন বলেও জানান তিনি।
প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এতে ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও নদী-জলাধার পুনঃখননসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হবে।