উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক ও উপস্থাপন নিয়ে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই আলোচনায় মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। কৃতির নাম সরাসরি উল্লেখ না করলেও তার পোশাক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বিজ্ঞাপনটিতে কৃতিকে অফ-হোয়াইট রঙের ব্র্যালেটধাঁচের ব্লাউজ, কেপ ও পেঁচানো স্কার্ট পরতে দেখা যায়। বিজ্ঞাপন প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশ পোশাকটি নিয়ে আপত্তি জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, ঐতিহ্যবাহী ভারতীয় উৎসবের সঙ্গে এমন পোশাকের উপস্থাপন সামঞ্জস্যপূর্ণ নয়।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মতামত জানিয়ে কঙ্গনা বলেন, বর্তমান সময়ে নারীদের সামনে পোশাক বেছে নেওয়ার অসংখ্য সুযোগ রয়েছে। ককটেল ড্রেস, লেহেঙ্গা চোলি, জিন্স, শাড়ি, বিকিনি কিংবা সালোয়ার-কামিজ—বিভিন্ন ধরনের পোশাক বেছে নেওয়ার সুযোগ রয়েছে নারীদের।
এরপর কঙ্গনা প্রশ্ন তোলেন, এত বৈচিত্র্যের মধ্যে একজন নারীকে কেন নিজের ভাইকে রাখি বাঁধার সময় অন্তর্বাস বা বিকিনি ধরনের পোশাক বেছে নিতে হবে। একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, কোনো একজনের স্টাইলিংয়ের কি এতটাই সংকট তৈরি হয়েছে যে এমন উপস্থাপন করতে হয়েছে?
বিজ্ঞাপনের আরেকটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। সেখানে কৃতিকে একটি পোষা কুকুরের সঙ্গে দেখা যায় এবং পরে সেটির গলায় রাখি পরাতে দেখা যায়। পোশাকের পাশাপাশি রাখিবন্ধনের মতো উৎসবে এমন দৃশ্য উপস্থাপন নিয়েও অনেকে আপত্তি জানিয়েছেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও কঙ্গনার মন্তব্যের বিষয়ে এখনো কৃতি শ্যানন কিংবা সংশ্লিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিতর্কের মধ্যেই কৃতি তার বোন নূপুর শ্যানন ও কথিত প্রেমিক কবির বাহিয়ার সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি বাস্তব জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার কথা জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি