ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানো হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও জাপানের টাউন লাইফ জাপান লিমিটেডের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, নতুন শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানি ভাষা শেখানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
সমঝোতা অনুযায়ী, ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে জাপানে যাওয়া পর্যন্ত সব ব্যয় টাউন লাইফ জাপান লিমিটেড বহন করবে। প্রতিষ্ঠানটি ঢাকা পলিটেকনিকের ল্যাব উন্নয়ন ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহেও সহায়তা করবে।
প্রথম ব্যাচের ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ হয়েছে এবং তাদের চাকরি নিশ্চিত হয়েছে। তারা আগামী অক্টোবরের মধ্যে জাপানে কর্মস্থলে যোগ দেবেন। অন্য নির্বাচিতরা ২০২৭ সালের জানুয়ারির মধ্যে জাপানে প্রবেশ করবেন।