ফরিদপুর জেলা প্রতিনিধি: আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে সারাদেশের মতো চরভদ্রাসন উপজেলা বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তুতি চলছে। কর্মসূচিগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লার পাশাপাশি সদস্যসচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ওবায়দুল বারী দিপু খান, বিএনপি নেতা মনজুরুল হক মৃধা, বিএনপি নেতা ও বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লা, যুবনেতা আব্দুল আলিম, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাশেদ আল ফারুকীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় অংশ নেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযথভাবে পালন এবং স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।