কুমিল্লা প্রতিনিধি: এ.কে. পলাশ
কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত পুরোনো হলুদ রঙের একটি পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতর থেকে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিকআপের চালক/আরোহী মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঢাকা মেট্রো-ন-১৩-৬১৪১ নম্বরের পিকআপটি।
পুলিশ জানায়, গ্রেপ্তার সুমন মিয়া বগুড়া সদর উপজেলার শাকারিয়া ইউনিয়নের কদিমপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শ্যামপুর থানার মীরহাজীরবাগ এলাকায় বসবাস করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।