রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা শুরুর উদ্যোগের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিনের জন্য হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন, শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে পরবর্তী তিন দিন কিয়েভে কোনো ধরনের হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন। মার্কিন প্রতিনিধিদের কিয়েভ সফরকে কেন্দ্র করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ক্রেমলিন জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার মস্কোয় পৌঁছেছেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান রুশ প্রেসিডেন্টের প্রতিনিধি কিরিল দিমিত্রিভ।
মার্কিন প্রতিনিধিদের এই সফরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। তাদের মস্কো সফরের সময়ই কিয়েভে হামলা সাময়িক বন্ধের রুশ সিদ্ধান্ত নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি করেছে।
সূত্র: তাস, এপি