পুরোনো ভিডিও নিয়ে দুঃখ প্রকাশ লিসার, বললেন ‘আর কখনো এমন করব না’
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা এক দশকের বেশি পুরোনো একটি ভিডিওকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ওই ভিডিওতে ব্যবহৃত একটি বর্ণবাদী শব্দের কারণে ২০২৫ সালে নতুন করে সমালোচনার মুখে পড়েছিলেন এই থাই গায়িকা। সম্প্রতি নিজের নতুন তথ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’ নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রিমিয়ারের পর মার্কিন সাময়িকী ভ্যারাইটি-কে দেওয়া সাক্ষাৎকারে লিসা জানান, ভিডিওটি তৈরি হওয়ার সময় ব্যবহৃত শব্দটির অর্থ এবং এর সঙ্গে জড়িত বর্ণবাদী ইতিহাস সম্পর্কে তিনি জানতেন না। তার ভাষ্য, থাইল্যান্ডে বেড়ে ওঠার কারণে এ বিষয়ে তার কোনো শিক্ষা বা ধারণা ছিল না।
লিসা বলেন, ‘আমাকে সত্যিই ক্ষমা চাইতে হবে। সত্যি বলতে, আমি থাইল্যান্ডে বড় হয়েছি। সেখানে এ বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয়নি। তাই তখন আমি জানতাম না।’
ভিডিওগুলো এক দশকেরও বেশি সময় আগের। সে সময় লিসা ও ব্ল্যাকপিংকের অন্য সদস্যরা বয়সে অনেকটাই ছোট ছিলেন। ভিডিওতে তাদের অন্য শিল্পীদের গান অনুশীলন করতে দেখা যায়। ওই গানগুলোর কথায় বিতর্কিত বর্ণবাদী শব্দটি ব্যবহৃত হয়েছিল।
২০২৫ সালে লিসার প্রথম একক কোচেলা পরিবেশনের প্রস্তুতির সময় পুরোনো ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ভিডিওতে ব্যবহৃত শব্দ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসার পর লিসার অতীতের ওই ভিডিও নিয়েও প্রশ্ন ওঠে।
সাক্ষাৎকারে লিসা জানান, বর্তমানে তিনি ওই শব্দের অর্থ ও ইতিহাস সম্পর্কে জেনেছেন এবং বিষয়টি নিয়ে শিক্ষা নিয়েছেন। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।
লিসার ভাষায়, ‘এখন আমি বিষয়টি জেনেছি এবং এ সম্পর্কে শিক্ষা নিয়েছি। আমি আর কখনো এমন করব না। এটা ঠিক হয়নি। সত্যিই।’
তথ্যচিত্রে আরও উঠে এসেছে, বিতর্কের সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে লিসাকে তার প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল। ওই সময়কার পরিস্থিতি স্মরণ করে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।
লিসা বলেন, ‘আমি খুব মন খারাপ করেছিলাম। কারণ, আমি শুধু আমার পরিবেশনায় মন দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে আমি লড়াই করে এগিয়ে গেছি।’
লিসার ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন দিক নিয়ে নির্মিত ‘অলওয়েজ লালিসা’ তথ্যচিত্রটি গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়। এতে ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় তার একক ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।
তথ্যচিত্রটির মাধ্যমে লিসার একক শিল্পী হিসেবে পথচলা এবং ব্যান্ডের বাইরে তার অভিজ্ঞতার নানা দিক দর্শকদের সামনে আসবে। বিশেষ করে পুরোনো বিতর্কটি নিয়ে তার নিজের বক্তব্যও এতে স্থান পেয়েছে।
প্রযোজনা সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ‘অলওয়েজ
লালিসা’ আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরবর্তী সময়ে ইউটিউব প্রিমিয়ামেও এটি দেখার সুযোগ থাকবে।
ব্ল্যাকপিংকের সদস্য হিসেবে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পাওয়া লিসা বর্তমানে একক ক্যারিয়ারেও সক্রিয়। তার নতুন তথ্যচিত্রে সেই একক যাত্রার পাশাপাশি ব্যক্তিগত অভিজ্ঞতার বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে। পুরোনো ভিডিও নিয়ে দুঃখ প্রকাশের মাধ্যমে তিনি নিজের অবস্থানও স্পষ্ট করেছেন।