ছেলে-মেয়েদের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সমাজ দ্রুত পরিবর্তিত হচ্ছে। আগামী দিনে এই পরিবর্তনের গতি আরও বাড়বে। নতুন প্রজন্ম যাতে পরিবর্তিত বিশ্বের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে, সে জন্য তাদের দক্ষতা ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ফেনীর দাগনভূঞায় চলতি বছরের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, নিজেদের কর্মদক্ষতা বাড়াতে হবে এবং নিয়মিত নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে। শেখার কোনো বিকল্প নেই। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে। এসব পরিবর্তনের সঙ্গে শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদেরও নিজেদের প্রস্তুত করতে হবে। সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবকদেরও প্রযুক্তি ও পরিবর্তিত বাস্তবতা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, ছেলে-মেয়েদের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এর ইতিবাচক দিককে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে শিক্ষা, দক্ষতা অর্জন এবং কর্মজীবনের প্রস্তুতিতে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ‘মেধার আলোয় আলোকিত হোক ভবিষ্যৎ’ প্রতিপাদ্য সামনে রেখে ১৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী জেলা প্রশাসক মাহবুবউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ। স্বাগত বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন দাগনভূঞা ইসলামিয়া আজিজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমেদ মজুমদার এবং আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি ও কর্মদক্ষতা উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
পরিবেশমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে হবে। নতুন প্রজন্মের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করাই এখন গুরুত্বপূর্ণ।