সারাদেশে ভোজ্য তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৬৫ হাজার লিটার তেল জব্দ করেছে Rapid Action Battalion (র্যাব)। একইসঙ্গে অনিয়মে জড়িতদের কাছ থেকে ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান চালানো হয়। এতে অস্বাভাবিক মজুত শনাক্ত করে বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজার অস্থিতিশীল করার অভিযোগে এসব তেল মজুত করা হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য কারসাজি রোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।
র্যাবের কর্মকর্তারা জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।