অনলাইন ডেস্ক
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং সুস্থ সমাজ গঠনে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে সংশ্লিষ্ট প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব।
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট হিসেবে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিস্তারের সঙ্গে অপরাধও বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কিশোর গ্যাংয়ের বিস্তার রোধেও সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় পরিবেশ সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন প্রতিমন্ত্রী। নদীদূষণ রোধ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা এবং নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও বলেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।