খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
পরিকল্পনার প্রথম ধাপে ফগার মেশিন ও কীটনাশক প্রয়োগের মাধ্যমে মশক নিধন, জলাভূমি পরিষ্কার, জলাবদ্ধতা দূর করা এবং মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হবে। ছাত্রদল ও ড্যাবের সহযোগিতায় রক্তের গ্রুপ ম্যাচিং, রক্ত সংগ্রহ এবং ডায়াগনস্টিক সহায়তার উদ্যোগও নেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাড়িতে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ এবং নিয়মিত খোঁজখবর নেওয়ার ব্যবস্থা থাকবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিটি থানা এলাকায় অন্তত একটি ৫০ শয্যার সেবাকেন্দ্র এবং ওয়ার্ডভিত্তিক আরও সেবাকেন্দ্র প্রস্তুতের কথা জানানো হয়।
পরে শফিকুল আলম মনার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও খুলনা শিশু হাসপাতাল পরিদর্শন করে। তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ নেন এবং ওষুধ, স্যালাইন ও ল্যাব সুবিধা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।