নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি নতুন দায়িত্বে যোগ দেন।
শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন খানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন এবং টেকসই উন্নয়নসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আইরিন খানের রয়েছে কয়েক দশকের অভিজ্ঞতা। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন।
২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারে জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। এ দায়িত্বে তিনি মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং নাগরিক অধিকারসংক্রান্ত বিভিন্ন বৈশ্বিক বিষয়ে কাজ করেন।
এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন তিনি। সংস্থাটির দীর্ঘ ইতিহাসে আইরিন খানই প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বের সময়ে মানবাধিকার সুরক্ষা ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সংস্থাটির কার্যক্রম বিস্তৃত হয়।
২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয় ইউএনএইচসিআরে প্রায় ২১ বছর কাজ করেন তিনি। সেখানে ভারতের চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপ-পরিচালকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে আইরিন খান মর্যাদাপূর্ণ সিডনি পিস প্রাইজ লাভ করেন। তিনি ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ বইয়ের লেখক।
আইরিন খান ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ও হার্ভার্ড ল’ স্কুলে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার ও কূটনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার ফলে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বে নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।