মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল নিয়ে দেশে এসেছে আরও একটি জাহাজ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের জাহাজটি ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল আমদানি ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্থাটির তথ্যমতে, এপ্রিল মাসে দেশের ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ মাসে আরও প্রায় সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।
বিপিসি সূত্র জানায়, চলতি মাসে এখন পর্যন্ত দুটি জাহাজ দেশে পৌঁছেছে। এর আগে গতকাল শুক্রবার বেলা ২টার দিকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। সেটিও সিঙ্গাপুর থেকে আসা এবং একই সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আনা হয়েছে।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এর প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের জ্বালানি আমদানিতে চাপ তৈরি হয়। নির্ধারিত সময় অনুযায়ী কয়েকটি জাহাজ দেশে পৌঁছাতে না পারায় সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয় বলে জানা গেছে।
এ বিষয়ে বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন বলেন, সর্বশেষ জাহাজটি বন্দরে পৌঁছেছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তেল খালাস কার্যক্রম শুরু হবে। তিনি জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।